নিজস্ব প্রতিবেদক, মিরপুর:
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোরগ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১০০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় কিশোরগ্যাংয়ের তৎপরতা, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন কিশোরগ্যাং সদস্য, চিহ্নিত ছিনতাইকারী এবং চাঁদাবাজদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে ছিনতাই ও কিশোরগ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে ছিলেন। পুলিশের এ অভিযানে অপরাধ কিছুটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।