ক্রীড়া ডেস্ক:
পাকিস্তান প্রমাণ করল তারা কেন পাকিস্তান
এভাবেও জেতা যায়!
রান তাড়ায় একটা সময় পাকিস্তানের রান লাগত ৯ ওভারে ৫০। হাতে ৮ উইকেট। উইকেটে বাবর আজম ও সাহিবজাদা ফারহান। সেখান থেকে পাকিস্তানের শেষ ২ ওভারে দরকার হয় ২৯ রান। হাতে মাত্র ৩ উইকেট। ক্রিজে শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।
বলা যায় নেদারল্যান্ডস তখন জয়ের ঘ্রাণ পাচ্ছিল। কিন্তু পাকিস্তান বলে কথা! সেই ২৯ রান পাকিস্তান করেছে ৯ বলে। শেষ পর্যন্ত কলম্বোতে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৭ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান।
অথচ জয়টি আসতে পারত খুব সহজেই। হয়তো পাকিস্তান ক্রিকেটে সহজ বলে কিছু নেই। নইলে ২ উইকেটে ৯৮ রান করা একটি দল কী ১১৪ রানে ৭ উইকেট হারায়!
ভাবতে পারছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে দলটি ১৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে। এরপরও যে পাকিস্তান জিতল তা মূলত অলরাউন্ডার ফাহিমের কল্যাণে।
শেষ ২ ওভারে ২৯ রানের সমীকরণের সামনে দাঁড়িয়ে লোগান ফন বিকের এক ওভারে ৩ ছক্কা ও এক চার মারেন ফাহিম। এখানে নেদারল্যান্ডস ফিল্ডার ম্যাক্স ও’ডাউডের খানিকটা অবদান আছে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ফাহিমের ক্যাচ ছেড়েছেন তিনি।
ওই ক্যাচটি নিতে পারলে হয়তো ফল অন্যরকম হতো। ১৯তম ওভারে ২৪ রান নেওয়ার পর পাকিস্তানের শেষ ওভারে লাগত ৫ রান, তিন বলের মধ্যেই সেই কাজ সেরেছে পাকিস্তান।