নিজস্ব প্রতিবেদক, রংপুর ব্যূরো:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদা দাবি করে ইটভাটা দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভাটার অন্যতম মালিক ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বর্তমানে প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১২ই মে) রিপোর্টার্স ক্লাব রংপুর এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম এসব অভিযোগ করেন। তিনি জানান, সাঘাটা থানার পূর্ব বাউলিয়া এলাকায় বৈধ কাগজপত্রের ভিত্তিতে তিনি ও তার অংশীদাররা দীর্ঘদিন ধরে “সেভেন স্টার ব্রিকস” নামের একটি ইটভাটা পরিচালনা করে আসছেন। ভাটাটির ট্রেড লাইসেন্স, আয়কর নথি ও মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার নামে রয়েছে বলেও তিনি জানান।
লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম অভিযোগ করেন, গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে একাধিকবার ভাটাটি পুনরুদ্ধারের চেষ্টা করলেও হামলা ও হুমকির কারণে তা সম্ভব হয়নি।

আমিনুল ইসলামের ভাষ্য, বর্তমানে ভাটার লাখ লাখ টাকার ইট বিক্রি ও লুটপাট করা হচ্ছে। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি কয়লা ব্যবসায়ী ও ব্যাংক ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারদের চাপও বাড়ছে।
তিনি জানান, ভাটাটি পাঁচজন অংশীদারের যৌথ মালিকানাধীন। চুক্তি অনুযায়ী সকল অংশীদারের সম্মতি ছাড়া মালিকানা হস্তান্তরের সুযোগ না থাকলেও
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্যাতন ও আতঙ্কের কারণে অংশীদার শহিদুল ইসলাম দেশ ছেড়ে চলে গেছেন। অপর অংশীদার মোখলেসসহ আমিনুল ইসলামও বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
পরে তিনি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দখলে যাওয়া ইটভাটা পুনরুদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোন করলেও অভিযুক্তরা কল রিসিভ করেনি।
( এ বিষয়ে ভিডিও ফুটেজ সহ বিস্তারিত পড়ুন আগামীকাল প্রিন্ট ও অনলাইন ভার্সনে)