এহসানুল ইসলাম ঈমন , নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্ব বিকাশের প্রত্যয় নিয়ে তেজগাঁও কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় তেজগাঁও কলেজে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার প্রধান উপদেষ্টা ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রফিকুল আলম, মো. নূরনবী এবং সংগঠনের উপদেষ্টা শিক্তা দাস।
এ সময় বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির ও সহ-সমন্বয়ক হুমায়ুন কবীর সুমন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আরিফুর রহমান ও শাকিল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার সভাপতি শাহরিয়ার কবির হৃদয়। আরও উপস্থিত ছিলেন শাখার সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, সাবেক আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সাবেক সভাপতি শাহরিন সেঁজুতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামিমা ইয়াসমিন বলেন, “শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। গ্রীন ভয়েসের মতো সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গ্রীন ভয়েস সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।”
সহ-সমন্বয়ক হুমায়ুন কবীর সুমন বলেন, “স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটে। নতুন শিক্ষার্থীদের গ্রীন ভয়েসের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
সভাপতির বক্তব্যে শাহরিয়ার কবির হৃদয় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “পরিবেশবান্ধব ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাত ফারিহা কানিজ। প্রাণবন্ত আয়োজন, আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক পরিচয়ের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি শেষ হয়।