রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার। শুক্রবার (১৭ জুলাই) বাদ আসর প্রতিষ্ঠানটির চারতলা ভবনের কনফারেন্স হল রুমে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ সূচনা হয়। পরে দোয়া ও মোনাজাত শেষে লাল ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফৌজিয়ার রহমান মিলন, তাঁর বাবা মো. আব্দুল হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেরানীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মোখলেছুর রহমান দোয়া পরিচালনা করেন। এ সময় অতিথিদের মধ্যে ছিলেন রংপুর জেলা মোটর শ্রমিকের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, টার্মিনাল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদসহ আরও অনেকে।
আয়োজকদের মতে, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত চারতলা এই ভবনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রশস্ত কনভেনশন হল, পারিবারিক ও করপোরেট অনুষ্ঠানের জন্য পৃথক ব্যবস্থা, মনোরম অভ্যন্তরীণ সজ্জা, উন্নত আলোকসজ্জা এবং অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ।
খাবারের তালিকায় থাকছে মুখরোচক চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, ফ্রাইড রাইস, সিচুয়ান চিকেন, বিফ চিলি অনিয়ন, গার্লিক প্রন, ভেজিটেবল, ফিশ ফিঙ্গার, বারবিকিউ, কাবাব, বিরিয়ানি, নান-রুটি এবং আকর্ষণীয় বিভিন্ন ডেজার্ট ও সফট ড্রিংকস। সুস্বাদু খাবার, উন্নত সেবা ও নান্দনিক পরিবেশের সমন্বয়ে লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার রংপুরবাসীর পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, করপোরেট সভা-সেমিনার ও সামাজিক আয়োজনের নতুন গন্তব্য হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।