চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রবিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৯ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়ক থেকে ১৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক কারবারির নাম হযরত আলী (৫০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর পূর্বপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই
শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ প্রধান সড়কের সরোজগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় হযরত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।
আটক আসামির বিরুদ্ধে সোমবার সকাল ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।