ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আখিতারা গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন চৌধুরী (৫৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সালাউদ্দিন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ভাই মো. সাহাব উদ্দিন চৌধুরী (৪৩) ও ভাতিজা মো. আব্দুল্লাহ চৌধুরী (২২) পূর্ব বিরোধের জেরে তার বাড়িতে এসে হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সালাউদ্দিন চৌধুরীকে মারধর করে আহত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী, বড় মেয়ে ও ছোট মেয়েকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দরজা, দেয়াল ঘড়ি ও একটি ফ্রিজ ভাঙচুর করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
এছাড়া সালাউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, হামলার সময় তার দুই মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শের পর সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী।
এ বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন চৌধুরী অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।