যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নে সন্ত্রাসী হামলায় পটুয়াপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র রবিউল ইসলাম (৪৮) গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত শনিবার (১৬ মে) রাতে তার ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায় গদখালি বাজারের চিহ্নিত সন্ত্রাসীরা।
আহতের পারিবারিক সুত্রে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২৪ সালের ৫ আগস্টের পর থেকে গদখালির কিছু সন্ত্রাসী রবিউলকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও চাঁদার টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলো। গত ২ বছর তাদের ভয়ে সে বাজারে উঠতে পারেনা। গত ১৬ মে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীবনগর মাঠে নিজের ফুল ক্ষেতে কাজ শেষ করে বাড়ি আসার সময় নবীবনগর বাজার থেকে রবির ছেলে সাব্বির (২৫), শরিফুল এর ২ ছেলে বাপ্পী (২৪) ও রিফাত (২২), মিজানুর এর ছেলে আরাফাত (২৫), এরশাদের ছেলে শামিম (৩২), আদম এর ছেলে লিমন (২৬), রাকিব, বাহার, মহিন, আমিনুর সহ অজ্ঞাত নামা আরো ৫/৭জন ৭ থেকে ৮ টা মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যায়। স্থানীয়রা জানতে চাইলে বলে বাজারে একটা পুরাতন ঝামেলা আছে একটু কথা বলে ছেড়ে দিবো। এই বলে তাকে নিয়ে নাভরণ ইউনিয়নের নিত্যানন্দকাঠি কালিয়ানী ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে তার ২ হাত, ২ পা ও মেরুদণ্ডের মোট ৭/৮ জায়গা ভেঙ্গে দেয় এবং মৃত ভেবে আবারও নবীবনগর রাস্তার পাশে নিয়ে ফেলে দিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা রবিউলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় কিন্তু রোগীর অবস্থা খুবই খারাপ হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এখনও তার জ্ঞান ফেরেনি। পঙ্গু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, তার মাথায় গুরুতর জখম আছে এবং শরীরের বিভিন্ন জায়গার হাড় খুব খারাপ ভাবে ভেঙেছে। রোগীর অবস্থা এখনও আশংকাজনক।
উল্লেখিত সন্ত্রাসীরা রবিউল ইসলামকে মারার পর উল্লাস প্রকাশ করতে তাদের ফেসবুক আইডিতে “আলহামদুলিল্লাহ” লিখে পোস্ট করে। সেই সাথে এই ঘটনা নিয়ে মামলা করতে যারা থানায় যাবে তাদের হাতপা কেটে ফেলা হবে এবং কোনো আত্মীয়-স্বজন হাসপাতালে দেখতে গেলে তাদেরকেও মারা হবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এসকল সন্ত্রাসীদের ভয়ে মৃত্যু শয্যায় থাকা রবিউলের পরিবার এখনও মামলা করতে পারেনি বলে জানা গিয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গদখালি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সাব্বির ও বাপ্পীর নেতৃত্বে একদল সন্ত্রাসী গদখালি বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ধর্ষণ, চাঁদাবাজি,, মারামারির একাধিক মামলা থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় তারা ধরাকে সরা জ্ঞান করে চলেছে। একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ করলেও পুলিশ তাদের ধরছে না। এদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।